শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

১৯ ব্রাজিলীয় ফুটবলারসহ ৭৬ যাত্রী নিহত ॥ জীবিত উদ্ধার ৫

সংগ্রাম ডেস্ক : কলম্বিয়ার মেডেলিন শহরের কাছের এক পার্বত্য এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৬ যাত্রী নিহত হয়েছে এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল দলের সদস্যরাও ছিল।

গতকাল মঙ্গলবার পুলিশ কমান্ডার জোসে গেরারদো আসেভেদো জানান, প্রাথমিকভাবে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু এদের একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ভাড়া করা এই বিমানে শাপেকোয়েঞ্জা রিয়েল ফুটবল দলের সদস্যদের বহন করা হচ্ছিল। বিমানটি বলিভিয়া থেকে ভাড়া করা হয়। গত সোমবার রাতে এটি বিধ্বস্ত হয়।

ব্রাজিলের এ ফুটবল দলের মেডেলিন দল আটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলার কথা ছিল আজ বুধবার। তবে এখন তা স্থগিত করা হয়েছে। এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাবভিত্তিক প্রতিযোগিতা।

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, খেলার ‘সকল কার্যক্রম’ স্থগিত করা হয়েছে।

বেঁচে গেছেন ব্রাজিলীয়

ক্লাবের ডিফেন্ডার এবং

দুই গোলকিপার

বিবিসি জানায়, কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাবের অধিকাংশ খেলোয়াড় এবং কর্মকর্তা মারা গেছেন। তবে ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় অ্যালান রাচেল প্রাণে রক্ষা পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন খবরে বলা হচ্ছে, দলের দুই গোলকিপার এবং ফিজিও বেঁচে গেছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়নি বলেই কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে শাপেকো শহরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ফুটবল ক্লাবটি ২০১৪ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইভান টোজো স্থানীয় এক টিভিতে বলেছেন, পুরো শাপেকো শহরে শোকের মাতম চলছে। বহু মানুষ কান্নাকাটি করছে। তারা এটা কল্পনাও করতে পারেনি শাপেকোয়ন্সে তাদের আনন্দ উল্লাসের প্রধান উৎস ছিল। মধ্যরাতের দিকে এই বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, বলিভিয়া থেকে যাত্রা করার পর স্থানীয় সময় সোমবার রাত ১০টা à§§à§« মিনিটে কলম্বিয়ার লা ইউনিয়নের কেরো গোন্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডারের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গার্ডিয়ান জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে ৯০ জন জরুরি উদ্ধারকর্মী নিয়োজিত আছেন। স্থানীয় সংবাদ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সূর্য ওঠার পর মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হবে। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের ২২ সদস্য ছিলেন। বিভিন্ন খবরে দাবি করা হয়েছে, জীবিতদের ৫ জনের মধ্যে ৩ জন শাপেকোয়েন্সের সদস্য। এদের মধ্যে দলের গোলরক্ষকও রয়েছেন। এছাড়া বিমানটিতে ২১ জন সাংবাদিকও ছিলেন বলে বিভিন্ন খবরকে উদ্ধৃত করে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ফেসবুক পেজে এ নিয়ে একটি বিবৃতি দেয় ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েন্স কর্তৃপক্ষ। কলম্বিয়া বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনও কিছু বলতে অনিচ্ছা জানিয়েছে তারা।

ব্রাজিলের সেই ক্লাব

ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের সদস্যসহ ৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফুটবল ক্লাবটির ফেসবুক পেজে একটি বিবৃতি দেয়া হয়েছে। কলম্বিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিলের ওই ক্লাব কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, এ বিমান দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার কারণে এখনই এ দুর্ঘটনা নিয়ে কিছু বলা হচ্ছে না। অপেক্ষা করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ফেসবুক পেজে এ নিয়ে একটি বিবৃতি দেয় শাপেকোয়েন্স ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দলকে বহনকারী বিমানটির বিধ্বস্ত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদ সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার প্রেক্ষাপটে এখন কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছে কর্তৃপক্ষ। তার আগে কোনও অফিসিয়াল নোট ইস্যু করা হচ্ছে না। আমাদের ওই প্রতিনিধি দলের সঙ্গে আমাদের যেসব খেলোয়াড়, নেতা, সাংবাদিক ও অন্য অতিথি রয়েছেন তাদের সবার প্রতি ঈশ্বর সহায় হোন।’

অনলাইন আপডেট

আর্কাইভ